পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের শৃঙ্খলা ফেরাতে নতুন নীতিমালা অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৬৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসইসি জানিয়েছে, কমিশন সভায় পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশগুলো বিবেচনায় নিয়ে এবং বিনিয়োগকারী ও ইউনিট হোল্ডারদের স্বার্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’-এর খসড়া অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও মিউচুয়াল ফান্ডের সুশাসন নিশ্চিতকরণ এবং মিউচুয়াল ফান্ড খাত-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ তথা : ট্রাস্টি, হেফাজতকারী ও সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য বিবেচনায় নিয়েই খসড়া বিধিমালাটি করা হয়েছে। খসড়া বিধিমালাটি এ পর্যায়ে জনমত যাচাইয়ের লক্ষ্যে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
