রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল ৯টা থেকে মনোনয়ন বিতরণ শুরু হওয়ার কথা ছিল। তবে অনিবার্যকারণে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর আগামী ২০ আগস্টের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা নোটিশের মাধ্যমে জানানো হবে।’
রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আর হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরমের ফি ৪০০ টাকা।
ঘোষিত তফসিল অনুযায়ী, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৯ আগস্ট, মনোনয়নপত্র বিতরণ করা হবে ২০ থেকে ২৩ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৪ থেকে ২৬ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই হবে ২৭ ও ২৮ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৩১ আগস্ট এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক দশক পর ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। এরপর মোট ১৪টি নির্বাচন হয়েছে। সর্বশেষ ১৯৮৯ সালে রাকসু নির্বাচন হয়েছিল। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত ৭১
কনস্টেবল খালেকের রহস্যময় সম্পদ
দেশের গণতন্ত্র কখনোই মসৃণ ছিল না : দুলু