বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে থেকে অন্য একটি ট্রলারের সহায়তায় ফিরে এসেছেন ১৪ জেলে। গতকাল বুধবার সকালে পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে সাগর থেকে সহিদুল মাঝি ১৩ জনকে ও আকবর মাঝি একজনকে উদ্ধার করেন। এখনো নিখোঁজ রয়েছেন ওই ট্রলারের ৬ জেলে।
গুরুতর অবস্থায় ওই জেলেদের কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়।
উদ্ধার জেলেরা হলেন বাদশা মাঝি, আবুল কাসেম, নুর আলম, নুরুল হাসান, সেরাজ, ফয়সাল, আনসার, আনিস, খবির, মোরসেদ, সাজ্জাদ, তৌহিদ, হেলাল। তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায়।
নিখোঁজ জেলেরা হলেন আবু তাহের, কামাল, রিয়াজ উদ্দিন, তমিজ, সোহাগ, শাহাবুদ্দিন।
আহত জেলেদের সূত্রে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাহারগোনা এলাকার মায়ের দোয়া নামের মাছ ধরার ট্রলারটি ২০ জেলে নিয়ে গত ১৪ আগস্ট মাছ ধরতে সাগরে যায়। ১৮ আগস্ট ভোরে দুর্ঘটনার শিকার হয়ে ট্রলারটি ডুবে যায়।
