অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আট দিন বন্ধ

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৭:৪২ এএম

নার্সিং শিক্ষার্থীদের ধর্মঘটের মুখে টানা ৮ দিন ধরে বন্ধ রয়েছে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

গতকাল বুধবার কলেজের সামনে ফ্যাসিবাদের দোসর  ও তাদের প্রতিষ্ঠিত  করার অপচেষ্টাকারীদের প্রতি লালকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। গত ১৩ আগস্ট থেকে বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজে শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে কলেজের শিক্ষক মো. জামাল উদ্দিন ভূইয়া, মো. তাজুল ইসলাম ও মো. মোখলেছুর রহমানের বদলির দাবি সাত কর্মদিবসের মধ্যে সম্পন্ন না হওয়ায় এবং অধ্যক্ষের প্রহসনমূলক ক্লাস রুটিন প্রকাশ করায় শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে তারা।

শিক্ষার্থীরা আরও জানায়, শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের সব শিক্ষার্থী ‘যোগ্য ব্যক্তির অধ্যক্ষ পদে পদায়ন দাবিতে গত ২ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন শুরু করে। পরে অধ্যক্ষ পদে যোগ্য ব্যক্তির পদায়ন করা হয়। ওই আন্দোলনে নার্সিং কলেজের তিন শিক্ষক (নার্সিং ইনস্ট্রাক্টর)মো. জামাল উদ্দিন ভূইয়া, মো. তাজুল ইসলাম ও মো. মোখলেসুর রহমান সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনে সরাসরি বিরোধিতা করে এবং আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের শিক্ষাসংশ্লিষ্ট কর্মকা- উল্লেখ করে সরাসরি হুমকি প্রদান করে এবং নারী শিক্ষার্থীদের শারীরিকভাবে হেনস্তা ও মানহানি করে। পরে সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষ বরাবর আবেদনের মাধ্যমে তাদের পাঠদান বর্জনসহ শিক্ষার্থীবিষয়ক সব কার্যক্রম বয়কট করে। তারপরও ওই তিন জন শিক্ষক বিভিন্নভাবে কলেজের পাঠদানের সুশৃঙ্খল পরিবেশ বিনষ্ট করে চলেছে ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে অপদস্ত করে চলেছে। কলেজের কোনো শিক্ষার্থী ওই তিন শিক্ষকের কাছ থেকে পাঠদান নিতে আগ্রহী নয়।

এর প্রেক্ষিতে গত ২ আগস্ট শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের মাধ্যমে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে উল্লেখিত সাত কার্যদিবস সম্পন্ন হওয়ার পরও অধ্যক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ না করে ক্লাস রুটিন প্রকাশ করেন। এদিকে নার্সিং কলেজের শিক্ষার্থীরা কলেজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষ শক্তির বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য গাজীপুরের জেলা প্রশাসক বরাবর আবেদন জানিয়েছে।

কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান চয়ন বলেন, শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষাবান্ধব পরিবেশ রক্ষায় স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকবে।

কলেজের অধ্যক্ষ উম্মে সালমা খানম জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জানানো হয়েছে। এখন কর্র্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।  আশা করি শিগগির এই জটিলতার অবসান ঘটবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত