রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ফের অগ্নিকান্ড হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। আগুনে বস্তির ৬০-৭০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে চলতি বছরের মার্চ মাসে এই বস্তিতেই অগ্নিকান্ড ঘটেছিল।
গতকাল বুধবার দুপুর ২টা ৩৭মিনিটে অগ্নিকান্ডের খবর পায় ফায়ার সার্ভিস। বিকেল ৩টার দিকে তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তারা ৩টা ১৮ মিনিটে বস্তির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত করতে হবে। এ ছাড়া ওই বস্তিতে পাঁচ থেকে ছয়জন মালিকের ৬০ থেকে ৭০টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এর আগে চলতি বছরের ১২ মার্চ সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লাগে। সে সময় বস্তির অধিকাংশ ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ছাড়া একাধিকবার এই বস্তিতে আগুন লেগেছে।
