চলতি বছর রুশ পরমাণু শিল্পের ৮০ বছর পূর্ণ হয়েছে। ১৯৪৫ সালের ২০ আগস্ট তৎকালীন সোভিয়েত সরকার পরমাণু শক্তিবিষয়ক বিশেষ কমিটি তৈরি প্রতিষ্ঠা করে। শীতল যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র থেকে সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রতিষ্ঠিত এ কমিটির তত্ত্বাবধানে চার বছরের মধ্যেই দেশটি পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম হয়। ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়ন তাদের আরডিএস-১ পারমাণবিক বোমার সফল পরীক্ষা সম্পন্ন করে।
একই সঙ্গে রাশিয়া পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে এবং অল্প সময়ের মধ্যে বিশ্ব নেতৃত্বে চলে আসে। রুশ বিশেষজ্ঞরা ১৯৫৪ সালে অবনিনসক শহরে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে এবং ১৯৫৯ সালে আর্কটিক সমুদ্রপথ ব্যবহারের স্বার্থে প্রথম পরমাণু শক্তিচালিত আইসব্রেকার ‘লেনিন’-এর উদ্বোধন করে।
এ বছর উদযাপনের মূল থিম হলো ‘গর্ব, অনুপ্রেরণা ও স্বপ্ন’। গুরুত্বপূর্ণ এ বার্ষিকী উদযাপনের জন্য রাশিয়ায় বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে, যার অধিকাংশই অনুষ্ঠিত হবে নিঝনি নভগোরাদে। অন্য একটি উল্লেখযোগ্য ইভেন্ট হলো ২৫-২৮ নভেম্বর মস্কোতে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড অ্যাটমিক উইক ২০২৫’ আন্তর্জাতিক ফোরাম।
গতকাল বুধবার নিঝনি নভগোরাদে অনুষ্ঠিত হয়েছে ‘স্বপ্নবাজদের যুগ’ শীর্ষক গালা ইভেন্ট। এতে রাশিয়ার সেলিব্রেটি বিভিন্ন শিল্পী শহরের মূল স্টেডিয়ামে পারফর্ম করেন। রসাটমের বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ হাজার কর্মকর্তা-কর্মচারীসহ ৩০ হাজার দর্শক এতে যোগ দেওয়ার সুযোগ পান। রাশিয়ার বিখ্যাত বলশয় থিয়েটারে অংশগ্রহণে ‘স্বপ্নবাজদের যুগ’ শীর্ষক একটি মিউজিক শোও অনুষ্ঠিত হয়েছে।
