ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়।
মৃত রোগীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা মো. আইয়ুব (২৫) ও রাজশাহী নগরের শিরোইল মোল্লামিল এলাকার বাসিন্দা রাফিয়া বেগম (৫৫)।
বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠানো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, আইয়ুব গত ১৯ তারিখ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে তাকে ২০ তারিখ আইসিইউতে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। অপরদিকে রাফিয়া ডেঙ্গু নিয়ে ১৭ আগস্ট হাসপাতালে ভর্তি হয়। পরে সেখান থেকে ১৮ তারিখ তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফিয়া বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে মারা যান।
বর্তমানে রামেক হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে পুরুষ ৯ জন, মহিলা ৬ জন ও শিশু ২ জন। এদের মধ্যে ১৬ জনই স্থানীয় রোগী। একজন ঢাকার রোগী আছেন। চলতি মৌসুমে ৩৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে পুরুষ ২২৬ জন, নারী ১১৪ জন ও শিশু ৪৭ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৩৬৪ জন। এই মৌসুমে মারা গেছেন মোট ৬ জন।
রূপায়ণ সিটি উত্তরা ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি
দাবি ও শর্ত পূরণ না হলে নির্বাচন হবে না: জামায়াত