গাজীপুরে একটি বিনোদন কেন্দ্রের পাশে বিলের পানিতে সিটি করপোরেশনের বর্জ্য ফেলা হচ্ছে। এতে ঝুঁকিতে পড়েছে বিলের মাছসহ জলজপ্রাণী এবং প্রাকৃতিক পরিবেশ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গাজীপুর মহানগরীর ১৪নং ওয়ার্ডের ইসলামপুর ভাঙ্গা ব্রিজ এলাকায় প্রতিদিন শত শত লোক গাজীপুর থেকে ট্রলারযোগে পানিপথে কাশিমপুর যাতায়াত করে থাকে। এ ছাড়া প্রতিদিন বিকেল বেলা শত শত বিনোদনপ্রেমী মানুষ ওই এলাকায় ঘুরতে যান। বিশেষ করে ছুটির দিনগুলোতে বিনোদনপ্রেমী মানুষের থাকে উপচেপড়া ভিড়। অনেকে পরিবার পরিজন নিয়ে ছুটে যান ভাঙ্গা ব্রিজ এলাকায়। তারা ইঞ্জিনচালিত নৌকা নিয়ে কড্ডা বিল, ডংকা বিল ও তুরাগ নদীতে ঘুরে বেড়ান।
স্থানীয়দের অভিযোগ, গত কিছুদিন ধরে সিটি করপোরেশনের লোকজন সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রাক ও ভ্যানে করে বাসা বাড়ির গৃহস্থালির ময়লা আবর্জনা রাস্তার পাশে বিলের পানিতে ফেলছে। এতে দুর্গন্ধে ওই এলাকায় টেকা যায় না। প্রতিদিন যে সব বিনোদনপ্রেমী ভাঙ্গা ব্রিজ এলাকায় ঘুরতে ও বেড়াতে আসেন, তারা অসহনীয় দুর্ভোগে পড়েন।
জয়দেবপুর শহর থেকে পানিপথে ঘুরতে আসা শাকিল দম্পতি বলেন, গত দুই-তিন মাস আগেও এখানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ছিল। এখন ময়লার দুর্গন্ধে টেকা যায়না।
স্থানীয় নৌকার মাঝি আবুল হোসেন বলেন, আমরা ময়লার দুর্গন্ধে নৌকা ভিড়াতে পারছি না। দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ। স্থানীয় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ইকরাম হোসেন বলেন, সিটি করপোরেশনের ময়লাগুলো রাস্তার মধ্যে ফেলা হয়। এতে এক লেনে চলাচল করতে গিয়ে যানজটের সৃষ্টি হয়।
ইসলামপুর এলাকার জেলে সাধন চন্দ্র বলেন, সিটি করপোরেশনের ময়লা আবর্জনা ফেলে আমাদের বিলের পানি দুষিত করছে। এতে মাছের উৎপাদনও কমে যাচ্ছে। বর্ষা চলে গেলে ওই বিলে ধান চাষও দুষ্কর হয়ে যাবে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, পরিবেশ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিটি করপোরেশন সরাসরি বিলের পানিতে সিটি করপোরেশনের বর্র্জ্য ফেলছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বিলের পানিতে থাকা মাছসহ জলজ প্রাণীর ক্ষতি হচ্ছে। এটি একটি বিনোদন কেন্দ্র। প্রতিদিন শত শত মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন। রাস্তার দুই পাশে পানি থাকায় এটি একটি দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রে রূপান্তরী হয়েছে। আর এ বিনোদন কেন্দ্রটি সিটি করপোরেশন নষ্ট কর দিচ্ছে। তিনি অবিলম্বে এখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ রাখার জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা জানান, স্থানীয়ভাবে ওই এলাকায় সিটি করপোরেশনের আবর্জনা ফেলা হচ্ছে। পরিবেশ ও জলাশয়ের যেন কোনো ক্ষতি না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
