নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ও এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি। দলে ফিরেছেন সাইফ হাসানও।
এর আগে সবশেষ ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন নুরুল হাসান সোহান। তার অধিনায়কত্বে 'এ' দল অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি খেলছে। সাইফ বাংলাদেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০২৩'র অক্টোবরে, এশিয়ান গেমসে। তিনিও 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়াতে আছেন।
নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নেওয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নেই এশিয়া কাপেও। তবে এশিয়া কাপের দলে স্টান্ডবাই রাখা হয়েছে তাকে। এছাড়া দলে সুযোগ হয়নি সবশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলা নাঈম শেখের। আগের মতো এবারও সুযোগ হয়নি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ আগস্ট, পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সব ম্যাচই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু এশিয়া কাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্বে লিটনদের পরের দুই ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।
নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল :
লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন।
স্ট্যান্ড বাই (এশিয়া কাপ) : সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
যেসব কারণে তপনের অপসারণ দাবি নাঈম-মিমোদের
ফের্মিন-কাসাদোকে হারাতে চান না ফ্লিক
এনগিডির ৫ উইকেটে সিরিজ দক্ষিণ আফ্রিকার