খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ফেরি-ট্রলার সংঘর্ষের দুইদিন পর নিখোঁজ আকাশ সরকারের (১৭) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে পুলিশ তার ভাসমান লাশ উদ্ধার করে।
এর আগে বৃহস্পতিবার রাতে ঐ দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন আকাশ সরকার। তিনি রূপসা উপজেলার আইচগাতি গ্রামের সাহাপড়ার দিলীপ সরকারের ছেলে।
দুর্ঘটনার পর থেকে রূপসা সদর থানা নৌপুলিশ, খুলনা ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও মোংলা কোস্টগার্ডের সদস্যরা আকাশের সন্ধানে শুক্রবার রাত ১০টা পর্যন্ত নদীতে অভিযান চালালেও তার সন্ধান পায়নি।
রূপসা নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শিমুল ঘোষ জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারায় একটি ভাসমান লাশ দেখে বটিয়াঘাটা থানা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে নৌ পুলিশ আকাশের লাশ উদ্ধার করে। পরে তার লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে নিহত আকাশের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
