রেকর্ড গড়া গোলেও শিরোপা জিততে পারলেন না রোনালদো

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৯:১২ পিএম

পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাতে মাইলফলক স্পর্শ করে তার নাম লেখান ইতিহাসের এক পাতায়, যেখানে পা পড়েনি আর কোন খেলোয়াড়ের। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দেশের এবং ভিন্ন চারটি ক্লাব হয়ে একশ বা তার বেশি গোল করার কীর্তি গড়েন পর্তুগিজ মহাতারকা।

সৌদি সুপার কাপের ফাইনালে শনিবার হংকং স্টেইয়ামে আল আহলির বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। নাসরের হয়ে তার শততম গোল এটি। তবে এই কীর্তি গড়া গোলেও ম্যাচটি জিততে পারেননি রোনালদো। আরেকবার এগিয়ে গিয়েছিল আল নাসর ব্রজোভিচের গোলে। এরপর সমতা ফেরায় আল আহলি। পরে টাইব্রেকারে গিয়ে হেরে যায় আল নাসর ৩-৫ ব্যবধানে।তাতে রোনালদোর সৌদি ক্লাবটির হয়ে শিরোপার অপেক্ষা আরও বাড়লো।

রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর গোল ৪৩৮ ম্যাচে ৪৫০টি। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দুই মেয়াদে ৩৪৬ ম্যাচে তিনি গোল করেন ১৪৫টি। জুভেন্তাসের হয়ে ১৩৪ ম্যাচে গোল ১০১টি। এবার নাসরে ১১৩তম ম্যাচে শততম গোলের মাইলফলক স্পর্শ করেনন ৪০ বছর বয়সী ফরোয়ার্ড।

আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার রোনালদো জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত করেছেন ১৩৮ গোল। ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলকের পথে ছুটে চলা পাঁচবারের ব্যালন ডি'অর জয়ীর মোট গোল হলো ৯৩৯টি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত