কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৫ হাজার টাকা মুক্তিপণের’ বিনিময়ে অপহরণকারির কবল থেকে মুক্তি পেয়েছেন মাছ ব্যবসায়ি মাহমুদুল হক।
শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে টেকনাফের হ্নীলার আলিখালী পাহাড়ি এলাকায় মুক্তিপণের টাকা রেখে আসার পর শনিবার বিকালে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ব্যবসায়ী নিজেই।
অপহৃত মাহমুদুল হক (৩৮) টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।
৮ আগস্ট সকালে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকা থেকে অপহৃত হন এই ব্যবসায়ী। এরপর ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।
ফিরে আসা মাহমুদুল হক জানান, তাকে ৫ দিন আটক রেখেছে টাকার জন্য অনেক মারধর করা হয়েছে। টাকা নিয়ে পাহাড়ে রেখে আসলে পরে তারা আমাকে ছেড়ে দিয়েছে। আমি অনেক অসুস্থ বেশি মারধর করা হয়েছে। তারা ১০ জন ছিল, তাদের কাছে ৪টি ভারী অস্ত্রও আছে। তাদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা আছে।
টেকনাফ হাসপাতালের চিকিৎসক সাঈদ চৌধুরী বলেন, মাহমুদুল হকের সারা শরীর জুড়ে কালো ও লালচে রক্তে ফোলা আঘাতের চিহ্ন রয়েছে। মারধর ও বিভিন্ন ধরনের নির্যাতনের চিহ্ন। ভালোভাবে হাঁটা চলা করতে পারছে না। দীর্ঘদিন তাকে বেড রেস্টে থাকতে হবে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত তো কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মুক্তিপণ দিয়ে ফেরত আসার বিষয়টি পুলিশকে জানানো হয়নি। এটি নিয়ে পুলিশ কাজ করছে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত সাড়ে ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫৭ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।
