চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি,  ৯,৯০০ ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেপ্তার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ এএম

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ২ হাজার ৭০০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (৩১ আগস্ট) উপজেলার বরইতলী ইউনিয়নের দরগাপাড়া এলাকার সোনাইছড়ি ব্রিজসংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর ব্লক-এফ/৫ এর নবী হোসেনের ছেলে হাফিজুল হক (২৪) ও একই ক্যাম্পের ব্লক-ই/৮-এর আবুল বাশারের ছেলে মুর্শিদ আলম (২৫)।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া)'র পক্ষে অধিনায়ক আ.ম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পের একটি চক্রের মাদকের চালান কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে পাচারের খবর পেয়ে সোনাইছড়ি ব্রিজসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় চট্টগ্রামগামী ঈগল পরিবহন নামে একটি লোকাল বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে তাদের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসার কথা স্বীকার করেছেন।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া)'র পক্ষে অধিনায়ক আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত