নারীদের আত্মমর্যাদা ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্য নিয়ে উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস, বাংলাদেশ (ডব্লিউএফডব্লিউপি) এবং ‘গো গার্ল’ যৌথভাবে এক সচেতনতামূলক অধিবেশনের আয়োজন করেছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে শুরু হওয়া অর্ধ-দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মানিকগঞ্জের তারাশিমা গার্মেন্টসের সম্মেলন কক্ষে। অনুষ্ঠানে গার্মেন্টসটির একশ জন নারী শ্রমিক অংশ নেন। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’ উদ্যোগটিতে সহযোগিতা করে।
সেশনে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও ঋতুকালীন পরিচর্যা, খাদ্য ও পুষ্টি, আত্মরক্ষা ও নিরাপত্তা, সামাজিক আচরণ ও সম্মান, প্রাথমিক ব্যাংকিং জ্ঞান এবং নারীদের আইনি অধিকার নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস, বাংলাদেশের সভাপতি মেহরীন মাহমুদ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ম্যানেজার ইসরাত জাহান, তারাশিমা গার্মেন্টসের নির্বাহী পরিচালক কর্নেল (অব.) হাসান মাহমুদ, প্রধান নির্বাহী কর্মকর্তা শশাঙ্ক জয়াবিক্রমা এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা এবিএম সিরাজুল আজাদ।
এ ছাড়া বক্তব্য রাখেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের প্রভাষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. ইপশিতা ইব্রাহিম রিদিতা, তায়কোয়ানডো প্রশিক্ষক নুরুন্নাহার মিতু এবং ফিজিক্যাল থেরাপি ও মানসিক স্বাস্থ্য পরামর্শক ড. মাহফুজ এহসান।
বক্তারা বলেন, বর্তমানে নারীরা নানা সামাজিক প্রতিবন্ধকতা ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছেন, যা তাদের জীবন ও জীবিকার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এ পরিস্থিতিতে ডব্লিউএফডব্লিউপি ‘আমার রক্ষক আমি’ শিরোনামে নতুন প্রকল্প হাতে নিয়েছে। এর মাধ্যমে দেশব্যাপী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও কর্মজীবী নারীদের সামাজিক ও ব্যক্তিগত সুরক্ষা বিষয়ে নিবিড়ভাবে কাজ করা হবে।
অধিবেশনে মেহরীন মাহমুদ বলেন, ‘প্রতিটি নারীকে তার নিজের রক্ষক নিজেকেই হতে হবে। এজন্য নিজেকে নিজেই গড়তে হবে। নারীদের আত্মনির্ভশীল হতে হলে সর্বপ্রথম সচেতন হতে হবে। নিজের স্বাস্থ্য, সুরক্ষা ও অধিকার সম্পর্কে জানা প্রতিটি নারীর জন্য অপরিহার্য। একজন সচেতন নারী শুধু নিজেকে নয়, তার পরিবারকে সুরক্ষিত রাখতে পারে।’
ইসরাত জাহান বলেন, ‘আমরা চাই প্রতিটি নারী তার কর্মক্ষেত্রে ও পরিবারে আত্মবিশ্বাসের সঙ্গে টিকে থাকুক। এজন্য ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। আমরা ফ্রেশ অনন্যা কাজ করে যাচ্ছি, আমরা আমাদের নারীবান্ধব এই কাজগুলো সমাজের কোণায় কোণায় ছড়িয়ে দিতে চাই।’
