জয়পুরহাট পৌরসভায় হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১২:২৬ এএম

জয়পুরহাট পৌরসভায় নাগরিকসেবার মানোন্নয়ন না করেই পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল রবিবার বেলা সোয়া ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের জিরো পয়েন্ট মসজিদ মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সচেতন পৌর নাগরিক সমাজ ও গ্রিন অ্যান্ড ক্লিন জয়পুরহাট আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সচেতন পৌর নাগরিক সমাজের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব। সমাবেশে বক্তব্য দেন, জয়পুরহাট সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা মতিয়র রহমান, যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, গ্রিন অ্যান্ড ক্লিন জয়পুরহাটের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, শিক্ষাবিদ অধ্যক্ষ আলী হাসান মুক্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সমাবেশে বক্তারা বলেন, পৌরসভার অনেক সড়কে পানি জমে জরাজীর্ণ হয়ে আছে। বাসা-বাড়িতে ময়লা ফেলার ডাস্টবিন দেওয়া হলেও প্রতি মাসে এই খাতে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে, এটি কেন? পৌরসভার উন্নয়ন না করে কেন হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়েছে তা আমরা জানি না। আমাদের জেলা শহরের জিরো পয়েন্টেও আলোর ব্যবস্থা নেই, সন্ধ্যার পর অন্ধকার হয়ে থাকে। সম্প্রতি পৌরসভার যে সড়কগুলো সংস্কার করা হয়েছে তার কার্পেটিং কয়েক দিনের মধ্যেই উঠে যাচ্ছে। আমরা পৌর হোল্ডিং ট্যাক্স আগের মতো ঠিক রাখা এবং নাগরিক সুবিধা বৃদ্ধির জোর দাবি জানাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত