ভিনিসিয়ুসকে বদলি নামানো কীসের ইঙ্গিত?

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১১:১৯ এএম

ওভিয়েদোর বিপক্ষে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের একাদশে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। রবিবার রাতে রিয়ালের ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচটির দ্বিতীয়ার্ধে রদ্রিগোর বদলি হিসেবে তাকে মাঠে নামান রিয়াল কোচ জাবি আলোনসো। মাঠে নেমেই নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থের গোলে অবদানও রাখেন। ম্যাচ শেষে ভিনিকে বদলি নামানোর বিষয়ে মুখ খোলেন আলোনসো।

৬৩ মিনিটে বদলি হিসেবে নামার পর ৮৩ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে অ্যাসিস্ট করেন ভিনি। এরপর যোগ করা সময়ের ৯৩ মিনিটে পাল্টা আক্রমণে তিনি নিজেও গোল করেন। এরপর তাকে নাটকীয়ভাবে উদযাপন করতে দেখা যায়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘ভিনি নামার পর দারুণ খেলেছে। দুই গোলে সে সরাসরি অবদান রেখেছে। আমরা খুশি—যারা শুরুতে খেলেছে, আর যারা বদলি হয়ে নেমেছে সবাই ভূমিকা রাখছে। দীর্ঘ মৌসুমে সবাইকে প্রয়োজন হবে।’

এরই মধ্যে ভিনিসিয়ুসের নতুন চুক্তি নিয়ে জটিলতার খবর দিয়েছে ইএসপিএন। রিয়ালের সঙ্গে তার বর্তামান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত থাকলেও সেটা নবায়নের আলোচনা আপাতত থেমে আছে। রিয়াল নাকি ভিনিকে আর রাখতে চাইছে না। এমনকি গত গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে পিএসজির বিপক্ষে তাকে একাদশ থেকে বাদ দেওয়ার কথাও ভেবেছিলেন আলোনসো, পরে সিদ্ধান্ত বদলানো হয়।

ভিনিকে বদলি নামানোর প্রসঙ্গে আলোনসো বলেন, ‘ফুটবলে দলের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের পরিবর্তনও সে কারণেই। খেলার ধরণ, পরিশ্রম আর প্রতিপক্ষ—সবকিছুর ওপর নির্ভর করে দলে পরিবর্তন আনা হয়। আমরা চাই, সবাই যেন নিজেদের গুরুত্বপূর্ণ মনে করে এবং শুরু থেকে হোক বা বদলি হয়ে, অথবা পরের ম্যাচে নামার জন্য প্রস্তুত থাকে। কখনও শুরু করে গুরুত্বপূর্ণ হওয়া যায়, কখনও কয়েক মিনিট খেলেও গুরুত্বপূর্ণ হওয়া যায়—আজ ভিনি সেটাই করেছে। পুরো মৌসুম জুড়েই এই গল্প চলবে।’

ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুসের জায়গায় খেলেছিলেন রদ্রিগো। গুঞ্জন আছে, এই গ্রীষ্মেই নাকি তিনি মাদ্রিদ ছাড়তে পারেন। ইতোমধ্যে তিনি নাকি আলোনসোকে জানিয়েছেন যে, এখন থেকে কেবল বামপ্রান্তে খেলতে চান। আলোনসো বলেন, ‘রদ্রিগো ভালো খেলেছে। প্রথমার্ধে সে আলভারো (কারেরাস), আরদা (গুলার) আর কিলিয়ানের সঙ্গে ভালোভাবে লিঙ্ক করেছে। কিছু শটও নিয়েছে। ওভিয়েদো রক্ষণে গভীর ছিল, জায়গা বের করা কঠিন ছিল। তবুও আমি ওকে পছন্দ করেছি। আমার সবাইকে প্রয়োজন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত