কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সংলাপের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার শেষ দিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ৪০ দেশের প্রতিনিধিসহ অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিনিধিরা। গতকাল সকালে তারা দুই দলে ভাগ হয়ে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।
সূত্র বলছে, রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসা ৪০ দেশের প্রতিনিধির পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও গিয়েছিল রোহিঙ্গা ক্যাম্পে। এ সময় তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। তাদের দুঃখ-দুর্দশার কথা শুনেন। বিদেশি প্রতিনিধিরা উখিয়ার ক্যাম্প ৪-এ অবস্থিত জাতিসংঘের খাদ্য কর্মসূচি ডব্লিউএফপির ই-ভাউচার আউটলেট কেন্দ্র পরিদর্শন করেন। এরপর উখিয়ার বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালে যান। সেখানে রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন।
এর পরে রোহিঙ্গা নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় রোহিঙ্গা নারীদের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন দেশি-বিদেশি প্রতিনিধিরা। দুপুরে পরিদর্শন শেষে ক্যাম্প এলাকা ছাড়েন তারা। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে রবিবার থেকে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডার্স ডায়ালগ শিরোনামে টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শুরু হয়।
গতকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হয় আন্তর্জাতিক এই সম্মেলন।
