গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের বাড়িতে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ ডাক্তারবাড়ি এলাকার ওই পুলিশের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হলেন জয়পুরহাটের পাঁচবিবি থানার কোতোয়ালিবাগ এলাকার মো. মনতাজ উদ্দীনের ছেলে মো. মোস্তাফিজার রহমান (৩৯)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তাফিজার রহমান দীর্ঘদিন ধরে কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের পল্লীবিদ্যুৎ ডাক্তারবাড়ি এলাকায় আতাউর রহমান নামে এক পুলিশের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। ওই বাড়িতে বাসা ভাড়া থেকে তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
বুধবার সকালে ওই যুবকের ভাড়া কক্ষ বন্ধ থাকলেও পচা দুর্গন্ধ বের হচ্ছিল। এতে সন্দেহ হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে ওই যুবকের মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন এলাকাবাসী।
ওই বাড়ির মালিক আতাউর রহমান জানান, তিনি একজন পুলিশ সদস্য। তার কর্মস্থল সাভারে। তবে তার ভাড়াটিয়া ওই যুবকের কিভাবে মৃত্যু হয়েছে সেটাও বুঝতে পারছেন না তিনিও।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধারের পর মর্গে প্রেরণ করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
