গজারিয়ায় গোলাগুলির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ আটক ৩

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৭:২৮ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ও সশস্ত্র নৌ ডাকাতদের হামলা ও গোলাগুলির ঘটনায় ডাকাত বাহিনীর প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় দুটো অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র দুটির একটি থানা থেকে লুট করা বলে ধারণা।

গ্রেপ্তারকৃতরা হলেন হলেন— নয়ন পিয়াস বাহিনীর প্রধান রিপন সরকার (৪৫) পিতা মৃত আ. বাতেন, মো. হারুন মেম্বার (৫০) পিতা আব্দুল মালেক ও জামিল উদ্দিন মাসুম (৪০) পিতা মো. জামাল উদ্দিন। সকলে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত গোপন সংবাদে ভিত্তিতে ঢাকা ও গাজীপুরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। র‌্যাব-১১ সূত্রে জানা গেছে, গজারিয়ায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনার পর জড়িতদের গ্রেপ্তার করতে র‌্যাব-১১ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

উল্লেখ্য, গত সোমবার বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত