গাজীপুর মহানগরীর কড্ডা এলাকায় ডিবি পুলিশ দেখে পালাতে গিয়ে তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ছিলেন বালু ব্যবসায়ী আমজাদ হোসেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে ২৪ ঘণ্টা পর তোরাগ নদী থেকে উদ্ধার করেছে ওই ব্যবসায়ীর লাশ।
আমজাদ হোসেন গাজীপুর সিটি করপোরেশনের কাঠালিয়া পাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং তার দুই ছেলে ও স্ত্রী রয়েছে।
স্বজনদের অভিযোগ, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ডিবি পুলিশের উপস্থিতি দেখে আমজাদ হোসেন আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেন। স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে তুরাগ নদীতে উদ্ধার অভিযান চালায়। দিনব্যাপী তল্লাশির পর সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে সন্ধ্যায় অভিযান শেষ করার সময় নদীর ভেতর থেকে লাশ ভেসে উঠে। ডুবুরি দল তা উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র বিএফএমএস মো. শাহিন আলম। তিনি আরো জড়ান ডুবুরী দলের উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন টঙ্গী ফায়ার স্টেশনের লিডার ইদ্রিস আলী।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘ডুবুরি দল নিখোঁজ আমজাদ হোসেনকে উদ্ধারে অভিযান পরিচালনা করেছে এবং অবশেষে তাকে উদ্ধার করা হয়েছে।’
গাজীপুর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আমির হোসেন বলেন, ‘ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে মহাসড়কে ডিবি পুলিশের টিম কাজ করে। ওই বালু ব্যবসায়ী পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেন। তাকে গ্রেপ্তার বা আটক করার জন্য গোয়েন্দা পুলিশের কোনো টিম সেখানে যায়নি।’
