কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘আমি দেশবাসী ও আন্তর্জাতিক সমাজের কাছে বলতে চাই, চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি। তাদের সমর্থন করি, কিন্তু বর্তমানে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আমি ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে, কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে- এটা আমরা আশা করি নাই।’
বৃহস্পতিবার(২৮ আগস্ট) বিকালে টাঙ্গাইলের নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন দেশ স্বাধীন হতো না, তেমনিভাবে লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইল হতো না- আমরা রাজনীতি করতে পারতাম না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি করা দরকার, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার।
লতিফ সিদ্দিকী ইস্যুতে তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ‘মঞ্চ-৭১’ নামের একটি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে গেলে ‘মব’ সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। আমরা চাই তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হোক।
যদি তার নামে কোন মামলা থাকে- তাহলে আইনিভাবে লড়বেন বলে জানান বঙ্গবীর।
