সিলেটে এবার পুকুরে মিলল দেড় লাখ ঘনফুট পাথর

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৮:৫১ পিএম

লুটের পাথর গায়েব করতে ফেলা হয়েছিল পুকুরে। কিন্তু শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সিলেট সদর উপজেলার ধোপাগুলে পুকুরে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান হৃদয় ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ। 

প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাথরগুলো কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদা পাথরে প্রতিস্থাপন করা হবে।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ বলেন, এক্সেভেটরের মাধ্যমে আনুমানিক দেড় লাখ ঘনফুট পাথর পুকুর থেকে তোলা হয়েছে। ওই এলাকার মোট পাঁচটি পরিত্যক্ত পুকুরে পাথরগুলো লুকিয়ে রাখা হয়েছিল। আমাদের ধারণা পুকুরে আরও পাথর থাকতে পারে। বৃষ্টির কারণে অভিযান বন্ধ রাখতে হয়েছে। তবে জায়গাটি পরিত্যক্ত থাকায় কাউকে আটক করা যায়নি। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ বলেন, পাথর উদ্ধারে প্রশাসনের অভিযান চলমান থাকবে। অবৈধভাবে পাথর মজুদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত