নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে একটি অ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে নারায়ণগঞ্জের মন্ডলপাড়াস্থ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালকসহ ২ জন দগ্ধ হয়েছেন বলে জানা যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, অ্যাম্বুলেন্সটির রোগী নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। রোগী এবং বাচ্চা গাড়িতে ওঠার আগমুহুর্তে চালক যখন গাড়ি স্টার্ট দেন তখন হঠাৎ করে গাড়িতে আগুন ধরে যায়। গাড়িতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুনের ব্যাপকতা প্রচুর ছিল। আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরও বলেন, একইসঙ্গে আগুনের ঘটনায় হাসপাতালের রোগীরা আতঙ্কে দৌঁড়াদৌড়ি করছিল। পরে আমরা তাদের বুঝিয়ে শান্ত করি। এ ঘটনায় চালকসহ ২ জন সামান্য দগ্ধ হোন। তাদেরকে বার্ন ইউনিটে পাঠিয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে।
