মেক্সিকোর আইনসভার উচ্চকক্ষ সিনেট অধিবেশন শেষে এক বিরোধীদলীয় নেতা ও সিনেট সভাপতির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গত বুধবার দিনের অধিবেশনের শেষ দিকে বিরোধীদলীয় এক নেতা এবং সিনেট সভাপতির মধ্যে কিলঘুষি, ধাক্কাধাক্কি ও চিৎকারচেঁচামেচি হয়।
রয়টার্স জানিয়েছে, দিনের অধিবেশনের সমাপনী উপলক্ষে জাতীয় সংগীত গাইছিলেন আইনপ্রণেতারা। এ সময় বিরোধী দল ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টির (পিআরআই) প্রধান আলেহান্দ্রো আলিতো মোরেনো ক্ষমতাসীন মোরেনা পার্টির সিনেট সভাপতি জেরার্দো ফার্নান্দেজ নোরোনার দিকে তেড়ে আসেন।
এক ভিডিওতে দেখা যায়, মোরেনো নোরোনার কাছে গিয়ে বারবার বলছেন, ‘আমি অনুরোধ করছি, আমাকে কথা বলতে দিন।’ এরপর তিনি নোরোনার হাত পাকড়ে ধরেন। নোরোনা তখন বলেন, ‘আমাকে ছোঁবেন না।’
এরপর দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। মোরেনো এক আলোকচিত্রীকেও ফেলে দেন। নোরোনা যখন পেছনে সরে যাচ্ছিলেন, তখন আরেক আইনপ্রণেতা ছুটে এসে তাকে আঘাত করার চেষ্টা করেন।
