সফল ব্যক্তিদের সফলতার ১০ কৌশল

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:০৯ এএম

সফলতার পথ বন্ধুর। বারবার পা পিছলে যেতে চায়। সফল হওয়ার একটি সহজ উপায় হলো, সফল ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে প্রয়োগ করা। সফল ব্যক্তিদের সফলতার পেছনে কার্যকরী ১০টি কৌশল নিয়ে লিখেছেন এজাজ পারভেজ

লক্ষ্য হতে হবে পরিষ্কার

সফল ব্যক্তিরা তাদের লক্ষ্য শুরুতেই নির্দিষ্ট করে নেন। তারা খুব ভালো করেই জানেন, জীবন থেকে তারা কী চান। লক্ষ্য নির্ধারণ করতে তারা হয়তো সময় নেন। কিন্তু লক্ষ্য নির্ধারণ না করে তারা যেকোনো কাজে সফলতার আশায় পরিশ্রম শুরু করে দেন না। নিজের পছন্দ, দক্ষতা ও যুগের চাহিদা বুঝে লক্ষ্য নির্ধারণ করেন। এরপর সেই লক্ষ্য পূরণের জন্য সর্বশক্তি নিয়োগ করেন। যতই ব্যর্থতা আসুক না কেন তারা হাল ছাড়েন না। তাই সফল হতে আপনাকে প্রথমেই নিজের পছন্দ, সহজাত দক্ষতা এবং যুগের প্রয়োজনীয়তা সম্পর্কে নিজের সঙ্গে বোঝাপড়া করতে হবে। সে অনুযায়ী লক্ষ্য নির্ধারণের পরেই আসে পরিশ্রমের কথা। কিন্তু মনে রাখতে হবে সাফল্যের পথে যাত্রার প্রথম ধাপ হলো, লক্ষ্য নির্ধারণ।

সময়ের সঠিক ব্যবহার

দিনের সময় সবার জন্য সমান। কিন্তু যে যথাযথভাবে সময় কাজে লাগাতে পারে সেই সফল হয়। সফল ব্যক্তিরা কখনো গালগল্প, অলসতা করে সময় নষ্ট করেন না। তারা সময়কে কাজে লাগিয়ে লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য নতুন কিছু শেখেন এবং তা কাজে লাগান। সময়কে কাজে লাগাতে প্রতিদিনের কাজের তালিকা তৈরি করুন এবং অগ্রাধিকার ভিত্তিতে কাজ করুন।

নিয়মানুবর্তিতার অনুশীলন

শুধু রুটিন করলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না। সে রুটিনটি মেনে চলার মধ্যের সময়ের সদ্ব্যবহার, কাজে ধারাবাহিক উন্নতি ও সাফল্যের রহস্য নিহিত। তাই নিয়ম মেনে চলুন, জীবনে শৃঙ্খলা বজায় রাখুন।

নিরবচ্ছিন্ন শেখার মানসিকতা

সফল ব্যক্তিরা কখনো মনে করেন না যে, সবকিছু শিখে ফেলেছি, আর কোনোকিছু শেখার নেই। তারা সবসময় চোখকান খোলা রাখেন, সবার কাছ থেকেই নিজেদের প্রয়োজনীয় জিনিস শেখার চেষ্টা করেন। তারা মনে করেন দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষাকাল। তাই সফল হতে বই পড়–ন, অভিজ্ঞ মানুষের কাছ থেকে শিখুন এবং নতুন দক্ষতা অর্জন করুন। শেখার প্রক্রিয়া কখনো থামাবেন না। বিল গেটস শীর্ষ ধনীদের একজন এবং প্রায় ৭০ বছর বয়সী হওয়ার পরেও এখনো প্রতিদিন বই পড়েন। সারা বছর কী কী বই পড়লেন সেটাও জানাতে ভোলেন না তিনি।

আত্মবিশ্বাস

সফল ব্যক্তিরা কখনো হীনমন্যতায় ভোগেন না। তারা জানেন তারা যে লক্ষ্য নির্ধারণ করেছেন তা কল্পনার ফানুস নয়। তা তারা অর্জন করতে পারবেন। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকার কারণে তারা কখনো ব্যর্থতায় ভেঙে পড়েন না। তাই আত্মবিশ্বাস অর্জন করুন। আত্মবিশ্বাস থাকলে কখনো হাল ছেড়ে দেবেন না।

ব্যর্থতাকে ভয় না পাওয়া

যিনি কিছু করেন তিনিই ব্যর্থ হন। উদ্যোগ গ্রহণ না করলে ব্যর্থ হওয়ার ভয়ও যেমন থাকে না তেমনি সফলও হওয়া যায় না।

তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে কাজে ঝাঁপিয়ে পড়–ন। ব্যর্থ হলে তা থেকে শিক্ষা নিন। শিক্ষাকে কাজে লাগান। তবেই না সফলতা করায়ত্ত হবে।

নেটওয়ার্ক তৈরি করুন

সফল ব্যক্তিরা একই লক্ষ্যের সহযাত্রীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখে এবং একে অন্যকে লক্ষ্য অর্জনে সহযোগিতা করে। আর দূরত্ব বজায় রাখে তাদের সঙ্গে যারা তাদের লক্ষ্যের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। তাই সফল হতে আপনিও ইতিবাচক ও প্রেরণাদায়ী মানুষের সঙ্গে সম্পর্ক রাখুন।

শরীরচর্চা

সুস্থ না থাকলে লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করা যায় না, আবার অধিক পরিশ্রম করে লক্ষ্য অর্জন করলেও সাফল্য উপভোগ করা যায় না; শরীর ভেঙে যায়। তাই সফল হতে এবং সফলতার স্বাদ উপভোগ করতে স্বাস্থ্য ঠিক রাখা অত্যাবশ্যকীয়। শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করুন, সুষম খাদ্য গ্রহণ করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন।

ইতিবাচক মনোভাব রাখুন

সফল হতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি খুবই প্রয়োজনীয় ভূমিকা পালন করে। সমস্যাকে বাধা হিসেবে না দেখে নতুন সম্ভাবনা হিসেবে দেখতে হবে। কারণ এই সমস্যা সমাধানের ফলে নতুন একটি দিগন্ত উন্মোচিত হবে, যার ফলে আপনি আপনার লক্ষ্যের পানে এগিয়ে যাবেন আরেক ধাপ। তাই প্রতিকূলতার মধ্যেও ইতিবাচকভাবে চিন্তা করুন। ইতিবাচকতা আপনাকে শক্তি দেবে এবং সমাধান খুঁজতে সাহায্য করবে।

ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখুন

সাফল্য এক দিনে আসে না। সফলতা লাভের জন্য নির্দিষ্ট সময় লাগে। আপনি যতই চেষ্টা করুন না কেন গাছের আম পাকার জন্য যতদিন সময় লাগার কথা ততদিনই লাগবে।

কৃত্রিমভাবে পাকানোর চেষ্টা করলে গাছের ও আমের ক্ষতি হতে পারে। তাই পাকা আমের স্বাদ নিতে হলে ধৈর্য ধরে গাছের পরিচর্যা করে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত