মাধ্যমিকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৫৪ এএম

মাধ্যমিকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক বলেছেন, ‘তোমাদের এই জিপিএ ৫ প্রমাণ করে অধ্যবসায় ও পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়। এই জিপিএ ৫ জীবনের প্রথম একটি ধাপ মাত্র। আগামীর পৃথিবীতে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য তোমাদের চ্যালেঞ্জ নিতে হবে। তোমাদের সৃজনশীলতা, প্রযুক্তিগত শিক্ষা ও বাস্তব জীবনমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে। গতকাল বৃহস্পতিবার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তেরখাদার ১৪টি স্কুল ও মাদ্রাসার জেনারেল ও ভোকেশনাল বিভাগের ৬১ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ক্রেস্ট ও বই উপহার দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভেজ মল্লিক।

পারভেজ মল্লিক বলেন, তেরখাদা হল একটি অবহেলিত প্রত্যন্ত অঞ্চল। অন্তর থেকে পড়াশোনা করে নিজেকে এগিয়ে নেওয়া যে কতটা কঠিন, এ বাস্তবতা আমরা অন্তত উপলব্ধি করেছি। এ অঞ্চলের অনেকেই মাঝপথে শিক্ষা থেকে ঝরে যায়। তাই কেউ যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষা জাতির মেরুদ- আর এই মেরুদ-কে দাঁড় করানোর জন্য আপনারা নিরলসভাবে কাজ করে চলেছেন। শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের সামনে অপার সম্ভাবনা। আমরা প্রত্যাশা করি তোমাদের মধ্য থেকে আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে।

মজিদ মল্লিক ফাউন্ডেশনের কার্যক্রম উল্লেখ করে পারভেজ মল্লিক বলেন, শিক্ষার্থীদের মাদকাসক্ত থেকে দূরে রাখতে ইতিমধ্যেই আমরা নানা পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের এ কাজের উদ্দেশ্য হলো এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনসহ তরুণ প্রজন্মকে সুশিক্ষার মাধ্যমে গড়ে তোলা। আমরা যদি সম্মিলিতভাবে কাজ করতে পারি, তাহলে আমরা আমাদের উদ্দেশ্য সফল করতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত