ইরানের পারমাণবিক ইস্যুতে সংলাপে যুক্তরাষ্ট্র প্রস্তুত: রুবিও

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৯:৪০ এএম

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনা নিরসনে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রাশিয়ার বার্তা সংস্থা তাস আজ শুক্রবার (২৯ আগস্ট) এই খবরটি প্রকাশ করে।

এক বিবৃতিতে রুবিও বলেন, ‘ইরান পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সবসময় সরাসরি সংলাপের জন্য প্রস্তুত রয়েছে।’ 

তিনি আরও উল্লেখ করেন, ‘ইতোমধ্যেই ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে।’

রুবিওর ভাষ্য, ‘স্ন্যাপব্যাক প্রক্রিয়া আমাদের আন্তরিক কূটনৈতিক প্রস্তুতির সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং এটিকে আরও জোরদার করে। আমি ইরানি নেতাদের আহ্বান জানাই যেন তারা অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়—যাতে দেশটি কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। শান্তির পথে হাঁটে এবং ইরানি জনগণের সমৃদ্ধি নিশ্চিত করে।’

অন্যদিকে, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তেহরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় ব্যর্থতার পর তারা ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া কার্যকর করেছে। এ প্রক্রিয়ার আওতায় তিন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত