সিএমপি ঘেরাও করে বিক্ষোভ গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৫:২১ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগর পুলিশ সদর দপ্তর (সিএমপি) ঘেরাও করে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে এই প্রতিবেদন লেখার সময় সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ করছিলেন। এর আগে দুপুর ১২টার দিকে ২ নম্বর গেট এলাকায় বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি শুরু করে তারা। বিক্ষোভে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরও সমর্থন জানিয়েছে।

ব্লকেড কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা চারদিকের রাস্তা বন্ধ করে টায়ার ও পরিত্যক্ত কাগজে আগুন ধরিয়ে অবস্থান নেন। এতে মোড়ের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।

গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়। এতে নুরুল হক নুর ও দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেক নেতাকর্মী আহত হন। নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

ওই ঘটনায় রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ থানার দুই নম্বর গেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কয়েকটি সংগঠন। শনিবারের বিক্ষোভে নেতৃত্ব দেন দলের উচ্চতর পরিষদের সদস্য জসীম উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত