ব্রুনো ফার্নান্দেজের ইনজুরি টাইমের পেনাল্টি ম্যানচেস্টার ইউনাইটেডকে লজ্জা থেকে বাঁচিয়ে দিল। তাঁর গোলে বার্নলির বিপক্ষে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পেয়েছে রুবেন আমারিমের শিষ্যরা।
ক্যারাবাও কাপে চতুর্থ ডিভিশনের গ্রিমসবির কাছে লজ্জাজনক হারের পর তীব্র সমালোচনার মুখে ছিল ইউনাইটেড। মৌসুমের শুরুতেই সংকটে পড়া দলটির জন্য এই জয় অনেকটাই স্বস্তির, যদিও আমারিমের অবস্থান এখনো প্রশ্নের মুখে। তবে আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে মৌসুমের প্রথম জয় পেয়ে কিছুটা স্বস্তি নিয়েই মাঠ ছাড়তে পেরেছে তারা।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। প্রথমে ভিএআরের হস্তক্ষেপে পেনাল্টি হাতছাড়া হলেও ২৭ মিনিটে ক্যাসেমিরো হেড থেকে পাওয়া বল ক্রসবারে লেগে বার্নলির অধিনায়ক জশ কুলেনের গায়ে লেগে জালে জড়িয়ে যায়।
তবে ইউনাইটেডের পথ কখনোই মসৃণ হয় না। দ্বিতীয়ার্ধের শুরুতেই লাইল ফস্টার বার্নলিকে সমতায় ফেরান। এরপর ব্রায়ান এমবেমো আবারও ইউনাইটেডকে এগিয়ে দেন। কিন্তু অস্থির গোলরক্ষক আলতাই বায়িন্দির বল ফসকালে জেইডন অ্যান্থনি গোল করে বার্নলিকে ফিরিয়ে আনেন সমতায়।
শেষ দিকে যখন ইউনাইটেড কোচ আমারিম ক্লান্ত ও হতাশ দেখাচ্ছিলেন, তখনই ভিএআরের সহায়তায় নতুন করে জীবন ফিরে পায় স্বাগতিকরা। অ্যান্থনির ফাউলে আমাদ দিয়ালো পড়ে গেলে পেনাল্টি পায় ইউনাইটেড। এইবার ঠাণ্ডা মাথায় স্পট কিক থেকে গোল করেন ফার্নান্দেজ, যিনি ফুলহামের বিপক্ষে মিস করেছিলেন পেনাল্টি।
শেষ বাঁশি বাজতেই ওল্ড ট্র্যাফোর্ডে ছড়িয়ে পড়ে স্বস্তি ও উচ্ছ্বাস। সমর্থকরাও শেষ পর্যন্ত আমারিমকে গান গেয়ে সমর্থন জানান।
সিলেটের উইকেট বাংলাদেশের বেস্ট ব্যাটিং ট্র্যাক: তাসকিন