চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমুল এলাকায় দেশীয় অস্ত্র তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার ভোর রাত থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলো আমিনুল ইসলাম, মোহাম্মদ রুমন, মো. আশিক ও কামরুল হাসান রিদওয়ান। এর মধ্যে আশিক ও কামরুল হাসান রিদওয়ানের বাড়ি সীতাকু-ের জঙ্গল সলিমপুরে। আমিনুল ইসলামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায় এবং রুমনের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে।
সেনাবাহিনী ও পুলিশ সূত্র জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও সীতাকু- মডেল থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। ওই কারখানা থেকে চারজন সন্ত্রাসীসহ ৬টি দেশীয় অস্ত্র, কার্তুজের ৩৫টি খোসা, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, চার্জারসহ ২টি ওয়াকিটকি, একটি মেগাফোন, প্যারাস্টু ফ্লেয়ার ৪টি এবং অন্য অস্ত্র তৈরির সরঞ্জামসহ মোট ২৯ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়।
সীতাকুন্ড- থানার ওসি মজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ তাদের আটক করা হয়। অভিযানের খবর পেয়ে তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
