মুন্সীগঞ্জ শহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকেলে শহরের খালইস্ট এলাকার সিঙ্গাপুর প্রবাসী সবুজ কাজীর নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)। নিহত শাহীনের বাড়ি পঞ্চগর, ফিরোজের বাড়ি গাইবান্ধা ও ইব্রাহিমের বাড়ি রংপুরে।
মুন্সীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, এদিন সকাল থেকেই নির্মাণাধীন ওই ভবনের সুয়ারেজের কাজসহ অন্যান্য কাজ করছিলেন শ্রমিকরা। দুপুরের দিকে ভবনের সেপটিক ট্যাংকের স্যাটারিংয়ের কাজ চলছিল। প্রথমে এক শ্রমিক সেপটিক ট্যাংকের ভেতর প্রবেশ করেন। বিষাক্ত গ্যাস জমে থাকায় ওই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এতে তাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নামেন আরও দুই শ্রমিক। এতে তারাও অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে অন্য শ্রমিকরা বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেপটিক ট্যাংকের ভেতরে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়।
