বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশিরভাগ পরিচালকই এখন অবস্থান করছেন সিলেটে। তাই বিসিবি পরিচালকদের ২১তম বোর্ডসভা আজ হবে সিলেটেই। এই সভায় আসন্ন বিসিবি নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।
গণমাধ্যমকে বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, ‘বোর্ড সভায় আমরা আসন্ন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেব।’
এর বাইরে আজই চূড়ান্ত হয়ে যেতে পারে আইএমজি’র সঙ্গে বিসিবি’র গাঁটছড়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য আন্তর্জাতিক স্পোর্টস মার্কেটিং এজেন্সি নিয়োগের যে বিজ্ঞাপণ দিয়েছিল বিসিবি, সেই বিজ্ঞাপণ অনুযায়ী আগ্রহপত্র জমা দিয়েছিল বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তাদের ভেতর থেকে যাচাই বাছাই করে আইপিএলের সঙ্গে কাজ করা বহুজাতিক সংস্থা আইএমজিকেই বেছে নিয়েছে বিসিবি, এই দুই পক্ষের চুক্তির মেয়াদ ও শর্ত চূড়ান্ত হবার পর আজই সেটা অনুমোদন হতে পারে বোর্ড সভায়।
এর বাইরে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড এর সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি, মনোবিদ ডেভিড স্কটের বিকল্প অনুসন্ধান সহ অন্যান্য বেশ কিছু বিষয়েও আসতে পারে সিদ্ধান্ত।
