টিএনজেড গ্রুপ ও রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির উদ্যোগ নিয়েছে সরকার। তিন প্রতিষ্ঠানের চার ব্যক্তির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন আদালতে করা মামলার ওপর ভিত্তি করে সরকার এ উদ্যোগ নিয়েছে।
মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলামের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির পত্র ইন্টারপোল সদর দপ্তরে পাঠানো হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন আদালতে করা মামলাকে ভিত্তি করে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।
মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ইন্সúেক্টর জেনারেল (এনসিবি) স্বাক্ষরিত পত্রে এই অনুরোধ ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। শ্রম অধিকার লঙ্ঘন ও সংশ্লিষ্ট আইনগত অভিযোগে মামলাগুলো চলমান। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়, মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘদিন বিদেশে অবস্থানকারী অভিযুক্তদের দেশে ফেরত আনার লক্ষ্যে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
