ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ এএম

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে জামালপুর জজ আদালত। গতকাল সোমবার দুপুরে সরিষাবাড়ী আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার ডা. মুরাদ হাসানসহ দুই আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, তথ্য প্রতিমন্ত্রী থাকাকালে এক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের টকশোতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন মুরাদ হাসান। অসৎ উদ্দেশ্যে এই মিথ্যাচার, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যে জিয়া পরিবারের ১০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ ঘটনায় জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন মো. রুমেল সরকার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও টকশোর উপস্থাপক চট্টগ্রামের পটিয়া পৌর এলাকার এ টি এম আবুল কাশেমের ছেলে মহিউদ্দিন হেলাল নাহিদকে আসামি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান জানান, গত ২৪ মে সরিষাবাড়ী আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুকসানা পারভীন ১০ হাজার কোটি টাকার মানহানি মামলাটি আমলে নিয়ে ডা. মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলালের বিরুদ্ধে সমন জারি করেছিলেন। আইনের প্রতি সম্মান প্রদর্শন করে তারা আদালতে হাজির হননি। এ কারণে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এ মামলার বাদী রুমেল সরকার বলেন, ‘আশা করি পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা আমলে নিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আদালতে পাঠাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত