হাসপাতালের নিজ কক্ষে চিকিৎসকের গলাকাটা লাশ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ এএম

নাটোর শহরের মাদ্রাসা মোড়ে অবস্থিত নিজের প্রতিষ্ঠিত জনসেবা হাসপাতালের শয়ন কক্ষ থেকে নাটোর জেলা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ড্যাবের আহ্বায়ক এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আমিরুল ইসলামের (৬৬) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে হাসপাতালের তৃতীয় তলার শয়ন কক্ষ থেকে ডা. আমিরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

ডা. আমিরুল ইসলামের সহোদর ভাই এবং জনসেবা হাসপাতালের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, রবিবার রাত ১২টা পর্যন্ত ডা. আমিরুল ইসলাম হাসপাতালে রোগী দেখেছেন। এরপর তিনি ওয়ার্ডে রোগীদের খোঁজখবর নিতে যান। গতকাল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপির জনসমাবেশে তার যোগদানের কথা ছিল। এজন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি হাসপাতালের কর্মচারীদের সকাল ১০টার মধ্যে তাকে ঘুম থেকে জাগাতে বলেন। সকাল ১০টার দিকে বারবার ডাকা হলেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে সকাল ১১টার দিকে তার ভাইসহ অন্যরা কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বিছানায় তার গলাকাটা মরদেহ দেখতে পান। নাটোর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, প্রাথমিক তথ্য বিশ্লেষণে মনে হচ্ছে তিনি ঘুমের মধ্যেই হামলার শিকার হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত