সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলবেন না হামজা চৌধুরী। বাফুফে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলতে আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবেন তপু বর্মণরা।
জাতীয় দলের ম্যানেজার আমের খান সাংবাদিকদের জানান, ‘হামজা শেষ ম্যাচে কিছুটা চোট পেয়েছেন। ক্লাব লেস্টার সিটির সূচি ও সুস্থতা বিবেচনায় তিনি সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবেন না। এ বিষয়টি তার এজেন্ট আমাদের জানিয়েছে।’ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার তালিকায় থাকা হামজাকে ফেডারেশন চিঠি দিয়েছিল ক্লাবের সঙ্গে সমন্বয় করতে।
মূলত ঝুঁকি এড়াতেই লেস্টারের এমন সিদ্ধান্ত। আমের খানও তেমনই জানিয়েছেন, ‘১৩ তারিখে অক্সফোর্ড ইউনাইটেডের সঙ্গে লেস্টারের ম্যাচ আছে। ওই ম্যাচেও তাঁকে খেলানোর চিন্তা আছে লেস্টারের। চোট আর পরের ম্যাচ বিবেচনা করেই তারা নেপাল ম্যাচটা খেলতে নিরুৎসাহিত করেছে।’
গত শুক্রবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে ম্যাচে ২-০ গোলে জেতা ম্যাচের চোটে পড়েন হামজা। সামাজিক মাধ্যমে জয় উদযাপনের ছবি শেয়ার করেছেন এই মিডফিল্ডার।
নেপালের সঙ্গে ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর, কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। ফিফা র্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৬তম, বাংলাদেশ ১৮৪তম। দুই দলই এশিয়ান কাপ বাছাই সামনে রেখে প্রীতি ম্যাচগুলো খেলবে।
নেপালে খেলা শেষে অক্টোবরে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের সেই ম্যাচ দুটি ৯ অক্টোবর ঢাকায়, ১৪ অক্টোবর হংকংয়ে।
এখন পর্যন্ত বাছাইপর্বে দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট বাংলাদেশের। অবস্থান তৃতীয়। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে হংকং। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে নিচে ভারত।
টেস্ট ক্রিকেট আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে যে প্রস্তাব দিলেন ইংলিশ অধিনায়ক
'আমাদের শেষ করে দিল', ফিনালিসিমার তারিখ নিয়ে অসন্তুষ্ট আর্জেন্টিনা কোচ