পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সন্ত্রাসী সুমন ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া শীর্ষ সন্ত্রাসী সুমন শেখের (৪০) একাধিক টর্চার সেলে অভিযান চালিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বরমী ইউনিয়নের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় ও আগ্নেয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ সময় তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। 

সন্ত্রাসী সুমন শেখ বরমী বাজার পাঠানটেক এলাকার মোসলেম উদ্দীন মাস্টারের ছেলে। সুমন শেখের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ডাকাতি, অস্ত্র মাদক মামলাসহ অন্তত এক ডজন মামলা রয়েছে শ্রীপুর ও আশপাশের বিভিন্ন থানায়। 
 
স্থানীয়রা জানান সুমন শেখ স্কুল জীবন থেকেই ছাত্র ভালো ছিল। সে ঢাকা তিতুমীর সরকারি কলেজ থেকে স্নাতক সম্মান শেষ করে ইংরেজি সাহিত্যে। ছোট কাল থেকেই একটু বেপরোয়া ছিল। নানা অপরাধ করেই তার সময় কেটেছে। তবে কলেজ জীবনেই বড় বড় অপরাধে জড়িয়ে পড়েন সুমন। এক সময় এলাকার মূর্তিয়মান আতঙ্ক হয়ে উঠেন সুমন। তার সবচেয়ে বেশি আলোচিত ঘটনা এক সন্ন্যাসীকে হত্যা করে ভিডিও ধারণ ও পরে তা প্রকাশ করে দেওয়া। ওই সন্ন্যাসীর মরদেহ কেটে টুকরা ও নৌকায় করে কাপাসিয়ার শীতলক্ষ্যা নদীতে ফেলে রাখে। বরমী এলাকার চাঁদাবাজি অস্ত্রবাজি জমি দখল বালুমহল নিয়ন্ত্রণসহ সব অপরাধ কর্মই সে করতো তার নিয়ন্ত্রিত এক বাহিনী নিয়ে। গেল (৩১ আগস্ট) সন্ধ্যায় সুমন গ্রেপ্তার হলে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেয় তার অন্য সহযোগীরা।  

তারা আরও বলেন, সুমন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের অস্ত্রবাজ হয়ে কাজ করেছে। বহুবার গ্রেপ্তার হলেও রাজনৈতিক ছত্রছায়ায় জেল থেকে বের হয়ে ফের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন।
  
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে বরমী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বরকুল, পাঠানটেক, বরনল, কুষাদিয়া ও নান্দিয়াসাঙ্গুনে ৫টি ঘরের সন্ধান পায় পুলিশ। এসব গোপন ঘরে তারা নানা অপরাধ সংঘঠিত করত। অনেক সময় লোকজন ধরে নিয়ে নির্যাতনও করা হতো এসব গোপন ঘরে। পুলিশ আরও জানায় এ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র (এয়ারগান) রাম দা, লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে সুমনের অপকর্মের সহযোগী হিসেবে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, অভিযানে সুমন ও তার সহযোগীদের বসার কয়েকটি গোপন ঘরের সন্ধান পাওয়া গেছে। সে সব ঘর থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এবং তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত