বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রেং তলাং এলাকায় গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত মাসব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হয়।
আইএসপিআর জানায়, ওই অভিযানকালে সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় বম পার্টির (তথাকথিত কেএনএ) একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত এবং ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করা হয়।
পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।
