৪৮টি ক্যাচ মিস, ৯৮টি রান-আউট মিস; বাজে ফিল্ডিংয়ে পাকিস্তানই শীর্ষে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ এএম

এশিয়া কাপের আগে আফগানিস্তানের কাছে হেরে গেছে পাকিস্তান। এই পরাজয়ের পেছনে বড় করে দেখা হচ্ছে দলের ফিল্ডিংয়ের বেহাল দশাকে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এর মতে, গত প্রায় দেড় বছরে সবচেয়ে বাজে ফিল্ডিং করা দলগুলোর একটি পাকিস্তান! তাদের ক্যাচিং দক্ষতা ৮১.৪%, যা ১২টি পূর্ণ সদস্যের দলের মধ্যে আয়ারল্যান্ডের সাথে যৌথভাবে ৮ম।

ক্রিকবাজ জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে পাকিস্তান ৪৮টি ক্যাচ ফেলেছে, ৯৮টি রান-আউট মিস করেছে এবং ৮৯ বার মিসফিল্ডিং করেছে। ৪১টি দলের মধ্যে ক্যাচ মিস এবং রান-আউট মিসে পাকিস্তানই শীর্ষে। আর মিসফিল্ডিংয়ে তাদের অবস্থান দুই নম্বরে। ৯০টি মিসফিল্ডিং করে শীর্ষে আছে ওয়েস্ট ইন্ডিজ। এই সময়ের মধ্যে ১৬ বার ওভারথ্রো থেকে বাড়তি রান দিয়েছেন পাকিস্তানের ফিল্ডাররা।

উল্লেখ্য, গত মঙ্গলবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে ১৮ রানে হেরে যায় পাকিস্তান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক পাকিস্তান দলের ফিল্ডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করলে চটে যান হারিস রউফ। এই পেসার জবাব দেন, ‘আমার মনে হয় আপনি হয়তো ম্যাচটি সঠিকভাবে দেখেননি। আমরা এমন বড় কোনো ভুল করিনি। ম্যাচটা আবার দেখলে বুঝবেন, ফিল্ডিং মোটেও খারাপ হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত