ফেনী সীমান্তে বাংলাদেশি দুই নারীকে ফেরত দিল বিএসএফ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম

ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই বাংলাদেশি নারীকে বিজিবির কাছে ফেরত দিলো বিএসএফ। এ সময় বাংলাদেশ ও ভারতের বিজিবি-বিএসএফ'র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তে মুহুরি ঘাট ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনে মধ্যরাতে দুই নারীকে ফেরত দেওয়া হয়। 

তারা হলেন- খুলনা হরিংডাঙ্গা থানার ভাদুরীয়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে হোসনে আরা খাতুন (২৬)। অপরজন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের মৃত হাসিম হাওলাদারের মেয়ে মাকসুদা বেগম (৩৪)।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান, ভারতীয় বিএসএফের বিলোনিয়া ক্যাম্পের এসি শেখ রাকুল কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বর্তমানে দুই নারী বিজিবির হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বৃহস্পতিবার সকালে পরশুরাম মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানা যায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান দুই নারীকে ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।  

পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত