পরিবেশের ভারসাম্য রক্ষা, পশু-পাখিদের অভয়ারণ্য তৈরি ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে তিন লাখ গাছের চারা রোপণ করবে শরীয়তপুর জেলা পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।
জেলা প্রশাসক বলেন, ‘জেলা পরিষদ থেকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। জেলাব্যাপী আমরা তিন লাখ গাছের চারা রোপণ করব, যা আগামী তিন বছরে এই গাছের চারাগুলো রোপণ করা হবে। শুধু গাছ কাটলে হবে না, সেই পরিমাণ গাছের চারা রোপণ করতে হবে।’
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাফেউল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল, জেলা বন কর্মকর্তা হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ থেকে আমরা অক্সিজেনের পাশাপাশি ফল ও ভেষজ ওষুধ পেয়ে থাকি, যা প্রতিটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই সবাইকে নিজ নিজ জায়গা থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
