নারায়ণগঞ্জের রূপগঞ্জে নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন আসামি উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, ২৬ জন আসামির মধ্যে তাওলাদ ওরফে জহিরুলকে মৃত্যুদণ্ড এবং ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ছয়জন খালাস পেয়েছেন।
যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলেন মিজান, মোহাম্মদ আলী, আব্দুল লতিফ, হানিফ, সোহেল, সবুজ, মিলন, সেলিম, গুলজার, ফারুক, রাসেল, মোমেন, সাদ্দাম, শাহীন, রুহুল আমিন, আবুল ও পণ্ডিত। খালাসপ্রাপ্ত ছয়জন হলেন আবু, মাসুদ, মান্নান, শামীম, সোহেল ও দেলোয়ার।
জানা গেছে, ২০১১ সালের ৫ নভেম্বর রূপগঞ্জের মাছিমপুরে জালালউদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবু মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে কুপিয়ে ও গুলি করেন সন্ত্রাসী ভিপি সোহেলের লোকজন। এ ঘটনায় নজরুলের বাবা জালালউদ্দিন বাদী হয়ে ভিপি সোহেল ও তার লোকজনকে আসামি করে হত্যা মামলা করেন। এরপর আসামিরা জামিনে বেরিয়ে এসে ২০১৫ সালের ১৪ মে জালালউদ্দিনকে তার বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণের পর কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেন।
