বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে বিএনপি।
তিনি সতর্ক করে বলেন, তবে আমাদের সাবধান থাকতে হবে যাতে বিএনপি আওয়ামী লীগের মতো দুর্নীতি, গুম-খুন বা মানি লন্ডারিংয়ের পথে না যায়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, বিএনপি জনগণের আন্দোলন ও সংগ্রামের ফল। আমাদের লক্ষ্য জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের নেতৃত্ব দেওয়া। তিনি স্মরণসভায় এম সাইফুর রহমানের অবদানও তুলে ধরে বলেন, দেশের প্রথম বৃহৎ যমুনা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংককে রাজি করানোর পেছনে তাঁর অবদান অনস্বীকার্য। নারী শিক্ষার প্রসারে তার ‘শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি’ যুগান্তকারী। অর্থমন্ত্রী হিসেবে তিনি জাতীয় অর্থনীতিকে শক্ত ভিত্তিতে দাঁড় করিয়েছেন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ। স্বাগত বক্তব্য দেন এম সাইফুর রহমানের বড় ছেলে ও সাবেক এমপি এম নাসের রহমান। সাধারণ সম্পাদক ড. আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আলিমুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা।
অনুষ্ঠানের শেষে ১০ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়। এরপর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বাহারমর্দন কবরস্থানে বিএনপি ও সহযোগী সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও মিলাদ মাহফিল করেন।
