১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী তৎকালীন ইপিআরের ল্যান্স নায়েক শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের অবিস্মরণীয় অবদানকে চিরস্মরণীয় করে রাখার জন্য প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় তার ৫৪তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শুক্রবার সকালে বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিজিবির একটি সুসজ্জিত দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সৈনিকরা, বীরশ্রেষ্ঠর পরিবারের সদস্যরা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
