জেলা প্রশাসকের বাসভবনের গ্রাফিতি মোছায় সমালোচনা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ এএম

ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমের বাসভবনের সীমানাপ্রাচীরে আঁকা ফ্যাসিবাদবিরোধী গ্রাফিতি মুছে ফেলায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। নগরীর ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠসংলগ্ন জেলা প্রশাসকের সরকারি বাসভবনের দেয়ালে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের পর ফ্যাসিবাদবিরোধী, দুর্নীতিবিরোধী ও রাষ্ট্র সংস্কারের বার্তা সংবলিত গ্রাফিতি আঁকা হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, এই গ্রাফিতি পথচারীদের মধ্যে আন্দোলনের চেতনা জাগিয়ে রাখত।

সম্প্রতি প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে এই গ্রাফিতি মুছে সাদা রঙে ঢেকে দেওয়া হয়েছে, যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র ও নাগরিক সমাজের নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এটিকে জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতি ও ইতিহাস মুছে ফেলার প্রচেষ্টা হিসেবে দেখছেন।

গত বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক ফেসবুকে এক বিবৃতিতে জানান, দেয়াল সংস্কারের সময় গ্রাফিতিতে সিমেন্টের আঁচড় লেগেছে এবং পুনরায় আরও সুন্দর গ্রাফিতি আঁকা হবে। তবে এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন সমালোচকরা।

জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি গোকুল সূত্রধর মানিক বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনের চেতনা জেলা প্রশাসকের ইচ্ছায় ধারণ করা যায় না। গ্রাফিতি মুছে ফেলাই তার প্রমাণ। তিনি আন্দোলনের পক্ষে না বিপক্ষে, তা স্পষ্ট। গত বছর টাউন হলের গ্রাফিতি মুছে কী আঁকা হয়েছে, তা সবাই দেখেছে।’

জেলা ছাত্র ফ্রন্টের আহ্বায়ক আরিফুল হাসান বলেন, ‘জেলা প্রশাসক বারবার বিতর্কিত কাজ করছেন। গ্রাফিতি আন্দোলনের ভাষা, যা মানুষের মধ্যে প্রতিবাদের চেতনা জাগায়। এর আগেও সার্কিট হাউজ মাঠে সালামি মঞ্চের চারপাশে ইটের গাঁথুনি, হেরিটেজ বাড়ি ভাঙা এবং সাহিত্য সংসদ গুঁড়িয়ে দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন তিনি।’

সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘গ্রাফিতি মুছে ফেলা ইতিহাস মুছে দেওয়ার ষড়যন্ত্র। একজন জেলা প্রশাসকের বাসভবনের দেয়ালে এমন কাজ হলে অন্যত্র কী হবে?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত