নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। অন্যথায় সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দলটি। গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে গণ অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে এই হুঁশিয়ারি দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
রাশেদ খান বলেন, নুরুল হক নুরের ওপর হামলার সঙ্গে বিভিন্ন বাহিনীর জড়িত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা নুরের ওপর হামলা করেছে তারা আওয়ামী দোসর। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কেউ এর দায় এড়াতে পারবে না। হামলা তদন্তে গঠিত কমিটিকে স্বাগত জানাই।
সমাবেশে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ক্লোজড চ্যাপটার। শেখ হাসিনার মতো তার দোসর জাতীয় পার্টিরও বিচার হতে হবে।
