তারেক রহমানের ঘর পেয়ে খুশি দুর্গাপুরের শুক্কুরি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ এএম

নেত্রকোনার দুর্গাপুরে ৭০ বছরের বৃদ্ধা অসহায় শুক্কুরি বেগমকে বাড়ি উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষ বয়সে এসে একটি নিশ্চিত বাসস্থানের সংকট কাটায় শুকরিয়া জানান শুক্কুরি। গতকাল শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দুর্গাপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খুজিউড়া গ্রামে নবনির্মিত আধাপাকা বাড়িটি অসহায় শুক্কুরি বেগমের কাছে বুঝিয়ে দেন দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির নেতারা।

বিএনপির নেতারা জানান, উজিউড়া গ্রামের ৭০ বছরের বৃদ্ধ শুক্কুরি বেগম বিগত কয়েক বছরের মধ্যে তার স্বামী, এক ছেলে ও তিন মেয়েকে হারিয়ে অসহায় অবস্থায় ভিক্ষা করে একটি ভাঙাচুরা ছাপরা ঘরে কোনোরকমে দিনাতিপাত করে আসছিলেন। তার অসহায়ত্বের কথা বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি তাৎক্ষণিক গৃহহীন অসহায় শুক্কুরি বেগমকে একটা আধাপাকা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে নির্দেশনা দেন। পরে বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতা ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে ছাপরা ঘরের পাশে একটি আধাপাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়।

নতুন ঘর উপহার পেয়ে অসহায় শুক্কুরি বেগম খুবই আনন্দিত। তিনি মহান রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মো. হারেজ গনি, পৌর যুবদলের সদস্য খান সুমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সানী ঢালী, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্য নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত