অভিনব কৌশলে টেকনাফ থেকে কক্সবাজারে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন এক পাচারকারী। তার কাছে থাকা আচারের প্যাকেটে লুকানো ছিল ইয়াবাগুলো। সন্দেহ হলে ডগ স্কোয়াডের প্রশিক্ষিত ‘জ্যাক’ দিয়ে তল্লাশি চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতেই বাঁধে বিপত্তি। ২০০ পিস ইয়াবাসহ আটকে পড়েন মনজুর আলম (১৯) নামে এক যুবক। আটক যুবক সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাব্বির আহমদের ছেলে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফের শীলখালী বিজিবির চেকপোস্টে এ ঘটনা ঘটে। উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার বিকেলের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে এলে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি চালান। এ সময় যাত্রীবেশে থাকা মঞ্জুর আলমকে সন্দেহ হলে বিজিডি-সিপাহী ও প্রশিক্ষিত ডগ ‘জ্যাক’র সহায়তায় তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে মঞ্জুর আলমের কাছে থাকা একটি কালো পলিথিন ব্যাগ থেকে মোট ২৮টি বার্মিজ আচারের প্যাকেট উদ্ধার করা হয়। এগুলোর ভেতর অভিনব কায়দায় লুকানো ছিল ২০০ পিস ইয়াবা।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জুর আলম জানিয়েছেন, টেকনাফের ইব্রাহীম নামে এক ব্যক্তি ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে পৌঁছে দেওয়ার জন্য বলে। বিনিময়ে তাকে একটি স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দেন। উদ্ধার ইয়াবা ও আটক ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন না নরেন্দ্র মোদি!