গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশে ঝোপের মধ্যে লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বৃদ্ধার তিন ছেলেসহ পরিবারের লোকজনকে থানায় নেওয়া হয়েছে।
শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম মমতা বেগম (৭৫)। তিনি ওই গ্রামের প্রয়াত আবদুল মজিদ চৌধুরীর ওরফে বাদশা মুন্সির স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মমতা বেগমের তিন ছেলে। মমতা বেগম মেঝ ছেলের বাড়িতে থাকতেন। শুক্রবার (৫ আগস্ট) দুপুরে মমতা বেগম বাড়ি থেকে নিখোঁজ হন। পরে শনিবার বিকেলে বাড়ির পাশে ঝোপের মধ্যে লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় ওই বৃদ্ধার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে ছেলে ও তাদের বউদের সাথে মমতা বেগমের পারিবারিক কলহ চলছিল। ছেলে বা ছেলের বউ মমতা বেগমকে হত্যা করে বাড়ির পাশে ঝোপের মধ্যে লতাপাতা দিয়ে ঢেকে রেখেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবি স্থানীয়দের।
সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন ছেলেসহ তাদের পরিবারের লোকজনকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে। ঘটনার রহস্য অনুসন্ধানে পুলিশ তদন্ত করছে।”
