শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের রুপবাবুরহাট এলাকায় মাদক কারবারি সুমন শিকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে অটোরিকশাচালক রমজান মোল্লার (৩৮) ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা রমজানের দুই চোখ উপড়ে ফেলে, হাত-পা ভেঙে এবং আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা করে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত রমজান মোল্লা জাজিরা পৌরসভার দক্ষিণ বাইকশা এলাকার শফি মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রমজান মোল্লা তার অটোরিকশা নিয়ে নাওডোবা যাচ্ছিলেন। পথে তাকে সুমন শিকদার ও ৪-৫ সহযোগী থামিয়ে রমজানকে সুমনের বাড়ির পেছনে নিয়ে যান। সেখানে তাকে চোখ উপড়ে আগুন দেওয়া হয় এবং হাত-পা ভাঙা হয়।
স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে শাহজান সম্রাট নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী সুমন শিকদারের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানান, সুমন শিকদার নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে এবং প্রতিবাদ করলে হত্যা হুমকি দেয়। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে মাদক ব্যবসায় জড়িয়ে আছেন।
আহত রমজান মোল্লা জানান, “গাড়ি থামিয়ে আমাকে জোরপূর্বক বাঁশবাগানে নিয়ে যাওয়া হয়, চোখ উপড়ে ফেলা হয় এবং হাত-পা ভেঙে দেওয়া হয়। পুলিশ উপস্থিতি দেখার পর ক্ষুব্ধ হয়ে সুমন এ কাজ করেছেন।”
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তানভীর আহমেদ বলেন, রমজানের দুটি চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, দুই হাত এবং ডান পায়ের হাড়ও ভাঙা। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ পারভেজ সেলিম বলেন, “চোখ উপড়ে ফেলা ও হাত-পা ভাঙার ঘটনা ঘটেছে। পুলিশের সহায়তায় আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘুমন্ত স্বামী-সতীনের ঘরে আগুন, প্রথম স্ত্রী থানায় আত্মসমর্পণ
শেষ মুহূর্তের গোলে হেরে গেল মোরসালিন-ফাহমিদুলরা